দুই দিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্পাঞ্চল। মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে একাধিক স্থানে কর্মবিরতি, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অস্থিরতার মধ্যে প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা রাস্তায় বর্জ্য ফেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সরানোর চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বেলা ১১টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সরে গেলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে আশুলিয়ায় সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামগড়ার দি রোজ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করলে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করে।

খেজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন ও রেডিয়েন্স জিন্স কারখানার শ্রমিকরাও কর্মবিরতি শেষে সড়কে নেমে আসেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া মাতবরবাড়ি ও নরসিংহপুর এলাকায় ম্যাক্সটেক্স, মণ্ডল গ্রুপসহ অন্তত সাতটি কারখানায় দুপুরের আগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় সাভার ও আশুলিয়ার আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত কারণে প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আগের দুই দিনের তুলনায় মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানাও চালু হয়েছিল। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি ও সড়ক অবরোধের চেষ্টা করেন। বিশৃঙ্খলা এড়াতে এবং শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে নিরাপত্তা বজায় রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুরো শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts