নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি বা হীরকজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, পরিস্থিতি উত্তপ্ত হলেও কেউ আহত হননি।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হীরকজয়ন্তীর আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে ও নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা, ধর্মীয় গ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষকে আলাদা করতে দেখা যায়।

শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদ বিন হাবিব দাবি করেন, এ ঘটনায় সংগঠনটির দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তির অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু শিবিরের মিছিল ঘিরে ধাক্কাধাক্কি ও আঘাতের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় তাঁদের নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের অভিযোগ, শিবিরের মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দেওয়া হচ্ছিল। অনুষ্ঠানস্থলের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় শিবির সভাপতির কাছে মিছিলটি অন্যদিকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। তাঁর দাবি, মিছিলে থাকা কিছু বহিরাগত বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তা প্রতিহত করেন।

অন্যদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, তাঁরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চান। ছাত্রসংগঠন হিসেবে প্রত্যেকেরই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। একে অপরের কর্মসূচিতে বাধা না দিয়ে স্বাভাবিকভাবে কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, কেন্দ্রীয় খেলার মাঠে শিবিরের আনন্দমিছিল প্রবেশের সময় ছাত্রদলের নেতাদের সঙ্গে কিছু কথা হয়। এতে সাময়িক উত্তেজনা তৈরি হলেও প্রক্টরিয়াল বডি মধ্যস্থতা করার পর দুই পক্ষ নিজেদের মতো চলে যায়। তাঁর ভাষ্য, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।

হীরকজয়ন্তীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রযুক্তি ও শিল্প খাতের সঙ্গে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। অন্যদিকে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন গবেষণাভিত্তিক কার্যক্রম, ছাত্রাবাস ও যাতায়াতব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts