নিউজ প্রবাসী ডেক্স :

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমারে তাদের ফিরিয়ে নেওয়ার পক্ষে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে জর্ডান। বুধবার জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ ও জর্ডানের দ্বিতীয় দফার রাজনৈতিক পরামর্শ বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। জর্ডানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। এ সময় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে একটি যৌথ বিজনেস ফোরাম গঠনের বিষয়ে একমত হন প্রতিনিধিরা। এ ছাড়া ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক খাতে সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৈরি পোশাক ও ওষুধশিল্পেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

শ্রম খাতে সহযোগিতা জোরদারে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। একই সঙ্গে জর্ডানে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়েও সহযোগিতার আলোচনা হয়েছে। বিভিন্ন খাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্পে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করে জর্ডান।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগের বিষয়ও গুরুত্ব পায়। ঢাকায় জর্ডানের আবাসিক দূতাবাস চালুর অনুরোধ জানায় বাংলাদেশ। জবাবে জর্ডান জানায়, বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ফিলিস্তিনের প্রতি জর্ডানের অবস্থানের প্রশংসা করে বাংলাদেশ। একই সঙ্গে ন্যায়সংগত ও স্থায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ঢাকা। অন্যদিকে, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার পক্ষে সমর্থন জানায় আম্মান।

এ ছাড়া সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরে দুই পক্ষ দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়। নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় জোরদারে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শবিষয়ক একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

এর আগে আম্মানে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. নজরুল ইসলাম। সেখানে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

কূটনৈতিক মহলে দ্বিতীয় দফার এ রাজনৈতিক পরামর্শ বৈঠককে বাংলাদেশ-জর্ডান সম্পর্ক আরও গতিশীল করা এবং বাস্তবভিত্তিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts