নিউজ প্রবাসী ডেক্স:
চিনি উৎপাদনে লোকসান থাকলেও ডিস্টিলারি বিভাগের আয় দিয়ে লাভজনক অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির ডিস্টিলারি বিভাগ থেকে নিট মুনাফা এসেছে ২২৩ কোটি ৭৯ লাখ টাকা। একই সময়ে সরকারকে রাজস্ব হিসেবে দেওয়া হয়েছে ১৫৮ কোটি টাকা।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আগের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ সালে ডিস্টিলারি বিভাগ থেকে নিট মুনাফা হয়েছিল ১৯০ কোটি টাকা। সে সময় সরকারি কোষাগারে ভ্যাট ও কর বাবদ জমা দেওয়া হয়েছিল ১৪১ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা ও রাজস্ব—দুই ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে।
কেরু অ্যান্ড কোম্পানির উপমহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার বাসসকে জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিস্টিলারি বিভাগ থেকে প্রায় ২২৪ কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে। পাশাপাশি সরকারকে ১৫৮ কোটি টাকা রাজস্ব দেওয়া হয়েছে।
ডিস্টিলারি ও কারখানা বিভাগের ব্যবস্থাপক রাজিবুল হাসান জানান, ওই অর্থবছরে ডিস্টিলারি ইউনিটে ১৪১ লাখ ৭৭ হাজার প্রুফ লিটার অ্যালকোহল এবং ২ লাখ ৮ হাজার কেস ফরেন লিকার উৎপাদন করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে আটটি ব্র্যান্ডের ফরেন লিকার তৈরি হয়। প্রতিটি ব্র্যান্ডের ১৮০, ৩৭৫ ও ৭৫০ মিলিলিটারসহ এক লিটারের বোতলজাত সংস্করণ রয়েছে।
তিনি আরও জানান, কেরুর কান্ট্রি লিকার দেশের বিভিন্ন অঞ্চলের ১৩টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করা হয়। এর মধ্যে রয়েছে দিনাজপুরের পার্বতীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, চুয়াডাঙ্গার দর্শনা, পাবনা এবং বগুড়ার শান্তাহার। কান্ট্রি লিকারের তিনটি গ্রেড রয়েছে। শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জন্য ৩০ প্রুফ এবং অন্যান্য জনগোষ্ঠীর জন্য ৭০ প্রুফের পণ্য সরবরাহ করা হয়। শ্রীমঙ্গল ছাড়া দেশের অন্যান্য এলাকায় ৬০ প্রুফের পণ্য বিক্রি হয়।
রাজিবুল হাসানের ভাষ্য, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন করতে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। তবে উৎপাদন সক্ষমতা আরও বেশি। বাজারে চাহিদা বাড়লে উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে, যা মুনাফা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
কেরু অ্যান্ড কোম্পানির তথ্য অনুযায়ী, ১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। তখন দৈনিক এক হাজার টন আখ মাড়াই এবং ১৮ হাজার প্রুফ লিটার স্পিরিট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ১৬৬ একর জমির ওপর গড়ে ওঠা এই কমপ্লেক্সে চিনিকল, ডিস্টিলারি এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন রয়েছে। পাশাপাশি সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। কমপ্লেক্সের বাইরে রয়েছে ১০টি কৃষি খামার।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কর, ভ্যাট ও শুল্ক বাদ দিয়েই ডিস্টিলারি বিভাগে প্রায় ২২৪ কোটি টাকা মুনাফা হয়েছে। কোম্পানির মোট লাভের পরিমাণ আনুমানিক ১৬৬ কোটি টাকা। আগামী অর্থবছরেও এই মুনাফা ধরে রাখার বিষয়টি বাজারের চাহিদার ওপর অনেকাংশে নির্ভর করছে বলে জানান তিনি।