আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন রাজ্যটির বিজেপি সরকারের গ্রাম ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এ পরিকল্পনায় কারও আপত্তি থাকলে তাঁকে বাংলাদেশে চলে যাওয়ার কথাও বলেছেন তিনি। তাঁর এমন মন্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং এনকাউন্টার নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে অপরাধ দমনে প্রয়োজনে আরও এনকাউন্টার করা হবে। পাশাপাশি বুলডোজার অভিযানও অব্যাহত থাকবে। বিরোধীদের সমালোচনার জবাবে তাঁর দাবি, ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় এনকাউন্টার হচ্ছে। যাঁদের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নেই, তাঁরাই এ ধরনের পদক্ষেপ নিতে পারেন না। বিজেপি সরকার অপরাধীদের সঙ্গে কোনো আপস করবে না বলেও মন্তব্য করেন তিনি।
তবে পশ্চিমবঙ্গের ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয় নিয়ে প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, রাজ্যের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য উপেক্ষা করে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশের আদলে গড়ে তোলার চেষ্টা চলছে।
এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ হলে আপত্তি ছিল না, উত্তরপ্রদেশ হলে সমস্যা কোথায়? যাঁদের আপত্তি রয়েছে, তাঁরা বাংলাদেশে চলে যেতে পারেন। এ জন্য বিনা ভিসায় পাঠানোর এবং সীমান্ত খুলে দেওয়ার কথাও বলেন তিনি।
এরপর আরও কঠোর ভাষায় তিনি বলেন, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো করে গড়ে তোলা হবে। এ উদ্যোগে কেউ বাধা দিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দিলীপ ঘোষের এ বক্তব্যের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বাঙালি পরিচয়, ভাষা ও আঞ্চলিক সংস্কৃতির প্রশ্নটি আবারও রাজনৈতিক আলোচনায় এসেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালিবিরোধী রাজনীতির অভিযোগকে প্রচারের গুরুত্বপূর্ণ বিষয় করেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিষয়টি রাজনৈতিক প্রচারে গুরুত্ব পায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। নতুন সরকারের কয়েক মাসের মধ্যেই রাজ্যকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার বিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।