বিনোদন ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। আটকের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে আসেন অভিনেত্রী। এ সময় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকা জ্যোতিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি।
এ ছাড়া শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে একটি ভিডিওতে নিজেই দাবি করেছিলেন এই অভিনেত্রী। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও তাঁর থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।
তবে তাঁকে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য এবং অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা পুলিশের পক্ষ থেকে পরে জানানোর কথা রয়েছে।