নিউজ প্রবাসী ডেক্স:
গোপালগঞ্জে একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলার পর এবার মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও উপজেলা বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল নিয়ে একদল ব্যক্তি মুকসুদপুর থানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে থানার বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় থানার কয়েকটি গাড়ি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে আশপাশের এলাকায় আশ্রয় নেন বলে জানা গেছে। এসব হামলা ও অগ্নিসংযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু খানের শহরের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। তাঁর বাসার সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অভিযোগ রয়েছে, মিছিল নিয়ে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা বাড়িটির সামনে অবস্থান নিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। পরে বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, একদল লোক মিছিল নিয়ে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে ভাঙচুর করা মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এরও আগের রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় বিএনপি থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন এলাকায় শোডাউন করার খবরও পাওয়া গেছে।
ক্রমাগত এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে।