নিউজ প্রবাসী ডেক্স :
অগ্নিসংযোগ, গুম-খুন ও সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন গুম-খুন, ভোট দখল কিংবা ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি দেখতে চায় না। তারা নিরাপত্তা, স্বস্তি ও উন্নত জীবন প্রত্যাশা করে। অতীতের সহিংসতার পুনরাবৃত্তি রোধে গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ওই সময় ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টায় দেড় হাজারের কাছাকাছি মানুষ নিহত হয়েছেন এবং ৬০ জন শিশু প্রাণ হারিয়েছে। তাঁর অভিযোগ, ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরও একটি পক্ষ সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের রাজনীতি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিতে চায়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি শিল্প-কলকারখানার বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশের উৎপাদন সক্ষমতা বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এসব পরিকল্পনা বাস্তবায়নে দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা প্রয়োজন।
এর আগে সকালে হেলিকপ্টারে লালমনিরহাট পৌঁছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে। এ বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষায় দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। গবেষণার সুযোগ, আধুনিক গবেষণাগার ও উদ্ভাবনী পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের তরুণেরা আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিতে অংশ নেন। তাঁর সফরকে ঘিরে জেলার মানুষের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান এবং কৃষি-শিল্পের বিকাশ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।