নিউজ প্রবাসী ডেস্ক:
মজুরি বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং জনসেবামূলক খাতে সরকারি ব্যয় সম্প্রসারণের দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালন করেছেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল শুক্রবার সারাদিনের সাধারণ ধর্মঘটের ডাক দেয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীদেরও এতে অংশ নেওয়ার কথা ছিল। একই দিনে কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠন পৃথক ধর্মঘটের কর্মসূচি পালন করে। বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।
সিজিআইএল নেতা মরিজিও লানদিনি বলেন, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে তরুণেরা পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ক্রমেই জোরালো হচ্ছে।
ধর্মঘটের আওতায় উড়োজাহাজ ও রেল চলাচল রাখা হয়নি। ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতার কারণে স্থানীয় গণপরিবহনেও এর প্রভাব সীমিত থাকার কথা। তবে পৃথক রেল ধর্মঘট শুক্রবার রাত ৯টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।
ইতালিতে ২০২৭ সালে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে মেলোনি সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বিরোধিতা ও আন্দোলন জোরালো হচ্ছে। এর আগে ৩০ অক্টোবরও দেশজুড়ে শ্রমিক ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন। তাঁদের দাবির মধ্যে ছিল শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আবাসন ব্যয় নিয়ন্ত্রণ।
এরপর বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতাও আন্দোলনের অন্যতম দাবিতে পরিণত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী শিক্ষার্থী লরা পেরিতোরে অভিযোগ করেন, সরকার স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ কমিয়ে দিচ্ছে। এতে তরুণদের বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। আন্দোলনকারীরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় পিছু হটবেন না বলেও জানান তিনি।
এদিকে ইতালির পার্লামেন্টে ২০২৭ সালের জন্য মেলোনি সরকারের ২৬ বিলিয়ন ইউরোর বাজেট নিয়ে আলোচনা চলছে। সিজিআইএলের অভিযোগ, এ বাজেটে আয় বৃদ্ধি ও জনসেবামূলক খাতের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। দেশটির অর্থবিষয়ক সংবাদমাধ্যম ইতালিয়াওজির তথ্য অনুযায়ী, বাজেটের সামান্য অংশ ৩৫ বছরের কম বয়সীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
সিজিআইএলের ডাকা ধর্মঘটকে ‘আগাম ধর্মঘট’ বলে মন্তব্য করেছেন ইতালির শিল্পমন্ত্রী আদোলফো উরসো। স্কাই টিজি২৪-কে তিনি বলেন, বাজেটের বিষয়বস্তু জানার আগেই শ্রমিকনেতা লানদিনি ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পার্লামেন্টে বাজেট আরও উন্নত করার সুযোগ রয়েছে।
অন্যদিকে সিজিআইএল বলছে, মূল্যস্ফীতির কারণে মানুষের কমে যাওয়া ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে মজুরি বাড়ানো এবং শ্রমিকদের সঙ্গে নতুন চুক্তি করা জরুরি। পাশাপাশি পেনশন মূল্যস্ফীতির সঙ্গে পুরোপুরি সমন্বয় এবং অবসরের বয়স বাড়ানো ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।