নিউজ প্রবাসী ডেস্ক:

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে বিজিবির মোট সদস্য মোতায়েনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ প্লাটুনে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জে আগে থেকেই এক ব্যাটালিয়নের ২৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছিলেন। পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত এক ব্যাটালিয়নের ২৬ প্লাটুন সদস্য মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে।

বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন সদস্যরা। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন করে পাঠানো বিজিবি সদস্যরা শনিবার সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বাহিনীর মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts