নিউজ প্রবাসী ডেস্ক

গণপরিবহনে অর্ধেক ভাড়া দিতে গিয়ে এক ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন—এমন অভিযোগে রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের প্রায় ১০টি বাস আটক করেছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে বাসগুলো ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা। অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধের নিশ্চয়তা দাবি করেছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাল্গুনী বাসে অর্ধেক ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁর সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং বাস থেকে নেমে যেতে বলা হয়।

ঘটনার একটি ভিডিও গত ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ওই শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের বাগ্‌বিতণ্ডা এবং আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

ইডেন কলেজের শিক্ষার্থী আলিফা রামী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দিয়ে আসছেন। নীলাচল পরিবহনেও এ নিয়ম চালু রয়েছে। এরপরও পরিচয়পত্র দেখানোর পর একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, ঘটনার ভিডিও এবং অভিযুক্ত হেলপারের ছবি শিক্ষার্থীদের কাছে রয়েছে। তবে এখনো তাঁকে শনাক্ত করা যায়নি। বাস মালিকদের কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছেন তাঁরা, যাতে ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে পরিবহন কর্তৃপক্ষ দায় এড়াতে না পারে। পাশাপাশি চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, শুধু নীলাচল পরিবহন নয়, ভিআইপি ও মৌমিতাসহ অন্যান্য পরিবহনকেও এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। তাঁদের অভিযোগ, গণপরিবহনে নারী শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই অসম্মানজনক আচরণ করা হয়। লজ্জা ও ভয়ের কারণে অনেকে প্রতিবাদ করতে পারেন না। এমন পরিস্থিতির অবসান ঘটাতেই বাসগুলো আটক করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঘটনাটি নিয়ে পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপারদের সঙ্গে তাঁদের আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বাস মালিকদের কাছে দাবি তুলে ধরা হবে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল জানান, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের বাগ্‌বিতণ্ডার বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বক্তব্য শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts