নিউজ প্রবাসী ডেস্ক :
রাতের আকাশে তারার পাশাপাশি এখন দৃশ্যমান স্যাটেলাইটের সংখ্যাও দ্রুত বাড়ছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে খালি চোখে দেখা যায় এমন তারার তুলনায় স্যাটেলাইটের সংখ্যা বেশি হয়ে উঠেছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। মহাকাশে স্যাটেলাইটের ক্রমবর্ধমান উপস্থিতি রাতের আকাশ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় বড় বাধা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
প্রকৌশল যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যাকু কম্পোনেন্টস’ এ গবেষণা পরিচালনা করে। গত অক্টোবরে টানা সাত রাত ধরে পৃথিবীর দুই হাজার কিলোমিটার উচ্চতার নিচের কক্ষপথে থাকা ১৫ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, রাতের যেকোনো মুহূর্তে যুক্তরাজ্যের আকাশে ৭০০টির বেশি স্যাটেলাইট চলাচল করতে দেখা যায়। মাঝারি মাত্রার আলোক দূষণ রয়েছে—এমন এলাকায় খালি চোখে যত তারা দেখা যায়, স্যাটেলাইটের সংখ্যা তার চেয়েও বেশি।
অ্যাকু কম্পোনেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬০ বছরের তুলনায় যুক্তরাজ্যের রাতের আকাশে পরিবর্তন এসেছে গত সাত বছরে অনেক বেশি। মহাকাশে আরও বড় স্যাটেলাইট নেটওয়ার্ক বা মেগা-কনস্টেলেশন স্থাপনের পরিকল্পনা থাকায় ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের একটি গড়পড়তা শহরের ওপর দিয়ে এক রাতে প্রায় ১৩ হাজার ভিন্ন স্যাটেলাইট অতিক্রম করে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ইলন মাস্কের মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা সক্রিয় স্যাটেলাইটের দুই-তৃতীয়াংশেরও বেশি স্পেসএক্সের নিয়ন্ত্রণে রয়েছে।
বর্তমানে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। অথচ এক দশক আগেও এ সংখ্যা ছিল এক হাজারের সামান্য বেশি। গত বছর মহাকাশে রেকর্ড ৪ হাজার ৫১০টি বস্তু পাঠানো হয়েছিল। চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনায় আগামী বছরগুলোতে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন করেছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে কক্ষপথে স্যাটেলাইটের ঘনত্ব আরও বেড়ে যেতে পারে।
স্যাটেলাইটের সংখ্যা বাড়তে থাকায় জ্যোতির্বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, স্যাটেলাইটের প্রতিফলিত আলো ভূমিতে স্থাপিত টেলিস্কোপের মাধ্যমে ধারণ করা ছবিতে উজ্জ্বল রেখা তৈরি করে। এতে দূরবর্তী তারা, ছায়াপথ এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর ছবি অস্পষ্ট হয়ে যেতে পারে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক গ্যাসপার বাকোস স্যাটেলাইটের এই উপস্থিতিকে নতুন ধরনের আলোক দূষণ হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে একটি পিটিশনে স্বাক্ষরের আহ্বান জানিয়ে নিজের ওয়েবসাইটে তিনি সতর্ক করেন, নিম্ন কক্ষপথের উজ্জ্বল স্যাটেলাইট রাতের আকাশ, তারামণ্ডলী ও মিল্কিওয়ে ছায়াপথের দৃশ্য আড়াল করে দিতে পারে।
এ বছর ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি (ইএসও)-এর পৃথক এক গবেষণাতেও বড় স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাব্য নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। সংস্থাটির গবেষকদের মতে, জ্যোতির্বিজ্ঞানের স্বার্থে কক্ষপথে মোট স্যাটেলাইটের সংখ্যা প্রায় এক লাখের মধ্যে সীমিত রাখা উচিত।