নিউজ প্রবাসী ডেস্ক :
অনুমতি ছাড়াই দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে জানান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া অনুমতি ছাড়াই দেশের বাইরে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে উপাচার্য বলেন, তাঁদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত নয়। এ কারণে সিন্ডিকেট তাঁদের সাত কর্মদিবসের মধ্যে সশরীরে রেজিস্ট্রারের কাছে উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।
এদিকে জুলাই অভ্যুত্থানের সময়কার কর্মকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।