নিউজ প্রবাসী ডেস্ক

দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ১০ মাসে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৯৩২ জন বেশি। অর্থাৎ এক বছরে নির্যাতনের ঘটনা বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বুধবার সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৪ জনই শিশু ও কিশোরী, যা মোট ঘটনার প্রায় ৫৭ শতাংশ। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন।

পরিসংখ্যানে আরও দেখা গেছে, গত বছরের তুলনায় যৌন নিপীড়নের ঘটনা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৫ সালে এ ধরনের ঘটনা ছিল ৩৭৪টি, যা চলতি বছরে বেড়ে দাঁড়িয়েছে ৭৬৮টিতে। যৌন নিপীড়নের শিকার শিশুদের সংখ্যাও ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে।

পারিবারিক সহিংসতার চিত্রও আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত বছর পারিবারিক সহিংসতায় ৩২৩ জন নিহত হলেও চলতি বছরের প্রথম ১০ মাসে এ সংখ্যা বেড়ে ৫০২ হয়েছে। একই সময়ে আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে। যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২৪ থেকে বেড়ে ৩৪টিতে দাঁড়িয়েছে।

এইচআরএসএসের পর্যবেক্ষণে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থার অভাবকে দায়ী করা হয়েছে।

সংগঠনটি বলছে, শুধু অপরাধ সংঘটনের পর বিচার নিশ্চিত করলেই এ পরিস্থিতির সমাধান হবে না। সহিংসতার পেছনে থাকা সামাজিক ও কাঠামোগত কারণগুলো দূর করতে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে।

এ লক্ষ্যে ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার সুপারিশ করেছে সংগঠনটি। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে শিশুদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্যাতনের শিকার ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসাসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts