নিউজ প্রবাসী ডেস্ক

বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মোট ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

শ্রমমন্ত্রী বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার খরচের অর্ধেক সরকার বহন করতে চায়। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এ সময় বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য বা শারীরিকভাবে অনুপযুক্ত কর্মীকে উপযুক্ত দেখিয়ে পাঠিয়েছে—এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীরা যাতে সর্বোচ্চ অগ্রাধিকার পান, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান আরিফুল হক চৌধুরী।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির সম্ভাবনার কথাও বলেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করার পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts