নিউজ প্রবাসী ডেস্ক
অতীতের বিষয়গুলো পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় সূচনা করতে চায় বাংলাদেশ। দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করে। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।
স্পিকার বলেন, পাকিস্তান সফর তাঁর জন্য স্মরণীয় অভিজ্ঞতা। দেশটির নেতৃত্বের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা প্রশংসার দাবি রাখে। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক আয়োজনের মাধ্যমে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে এলসিসিআই সভাপতি আলী হুসাম আসগর স্বাগত বক্তব্য দেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় বাংলাদেশের শিল্প খাতের অগ্রগতি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তানও উপকৃত হতে পারে বলে মন্তব্য করেন এলসিসিআই সভাপতি।
চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এলসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খানও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জাকারিয়া বিন আমজাদসহ অন্যরা।