নিউজ প্রবাসী ডেস্ক
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদারে দিন-রাত টহলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও আধুনিক অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করেছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্গম এলাকাগুলোতে আকাশপথে নজরদারির জন্য বিশেষ ড্রোন এবং দ্রুত চলাচল ও অভিযান পরিচালনায় এটিভি ব্যবহার করছে বিজিবি।
শুধু নিরাপত্তা তৎপরতা নয়, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তির চলাচল, অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালানসংক্রান্ত তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা রক্ষা করাই এ বিশেষ অভিযানের অন্যতম উদ্দেশ্য।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তের নিরাপত্তা ও স্থানীয় মানুষের জানমাল রক্ষায় বিজিবি সব সময় সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।