নিউজ প্রবাসী ডেস্ক :
দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দৃঢ় মনোবল ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা ও প্রত্যয়ের সঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, নিয়মিত ক্রীড়াচর্চা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার ইতিবাচক ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে ভালো ফল অর্জনের জন্য নিয়মিত অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সম্পাদক এ এন এম মারুফ আব্দুল্লাহ। শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ ডিসপ্লেও অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ফলাফলে জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ান্দোতে চ্যাম্পিয়ন খুলনা মহানগর পুলিশ (কেএমপি) এবং রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উশুতে ডিএমপি চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রেঞ্জ রানারআপ হয়েছে। অন্যদিকে কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ, রানারআপ সিএমপি।
এর আগে গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়। চূড়ান্ত পর্ব শেষে আইজিপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।