নিউজ প্রবাসী ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড অবকাঠামো ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্লাটফর্মটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কৌশলগত পরিকল্পনা, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং সামরিক সরঞ্জাম ও রসদ ব্যবস্থাপনার তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকাজ চলার সময় হ্যাকারদের অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। তবে কারা এ হামলা চালিয়েছে, কী পরিমাণ তথ্যের নাগাল পেয়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন বিমান বাহিনীর জন্য ২০১৭ সালে চালু করা হয় ‘ক্লাউড ওয়ান’ প্লাটফর্ম। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি সমন্বয়ে তৈরি এ ব্যবস্থায় সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজিটাল কার্যক্রম পরিচালিত হয়। কর্মীদের বেতন ও ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ, রক্ষণাবেক্ষণ এবং আকাশ প্রতিরক্ষাসংক্রান্ত তথ্যও এর আওতাভুক্ত।
এ প্লাটফর্মের মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন এলাকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে রাডারসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমান ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণের ব্যবস্থাও এর সঙ্গে যুক্ত।
হামলার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নতুন দাপ্তরিক অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগে থেকে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও স্থগিত রয়েছে। ফলে নতুন সফটওয়্যার দুর্বলতা শনাক্ত হলেও সেগুলোর সমাধান করতে জটিলতা তৈরি হয়েছে। এমনকি কয়েকজন ব্যবহারকারীর প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সফটওয়্যারের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা প্লাটফর্মটির নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রবেশ করে। এ ব্যবস্থার মাধ্যমে তাত্ত্বিকভাবে সামরিক উড়োজাহাজের কার্যক্রম কিংবা খুচরা যন্ত্রাংশের সরবরাহসংক্রান্ত তথ্য জানার সুযোগ তৈরি হতে পারত। তবে হামলাকারীরা বাস্তবে এসব তথ্যের নাগাল পেয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার কমান্ডকে তদন্তে যুক্ত করা হয়েছে। বিমান বাহিনী অবশ্য নির্দিষ্ট কোনো নেটওয়ার্কের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে সামরিক তথ্য ও কার্যক্রম সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার সক্ষমতা বাড়ার আশঙ্কার মধ্যেই এ ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। এআই প্রযুক্তির মাধ্যমে বড় নেটওয়ার্কের দুর্বলতা দ্রুত শনাক্ত করে সাইবার অনুপ্রবেশের ঝুঁকি বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের এফবিআই, পেন্টাগন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং কয়েকটি গোয়েন্দা সংস্থাও সাইবার হামলার শিকার হয়েছে। ফলে দেশটির গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।