নিউজ প্রবাসী ডেস্ক

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সাহসী সংগঠক শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন চত্বরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান বক্তা ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা ও আত্মদান গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা আমান উল্লাহ আমান বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মদান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরও গতিশীল করেছিল। তাঁর আত্মত্যাগে অর্জিত গণতান্ত্রিক চেতনা ও অধিকার রক্ষায় সবাইকে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জেডআরএফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া নব্বইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ডাকসুর সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ নেতারাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ ডা. মিলন কেবল একজন চিকিৎসক ছিলেন না; গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন সাহসী প্রতীক। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রামী জীবন ও আদর্শ তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

কর্মসূচিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনের তাৎপর্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ ডা. মিলনের অবদান স্মরণ করা হয়।

ড্যাবের দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন। তাঁর মৃত্যুর ঘটনা তৎকালীন আন্দোলনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরও তীব্র করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts