নিউজ প্রবাসী ডেক্স :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির দায়িত্ব থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সরকারের ভেতরে জোর আলোচনা চলছে—এমন গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক ও আইন অঙ্গনে।
প্রসিকিউশন দলের একজন সদস্য দাবি করেছেন, গত কয়েক দিন ধরে এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে এবং বিষয়টি অনেকটা এগিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তাজুল ইসলামকে প্রধান কৌঁসুলির পদ থেকে সরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও আলোচনার মধ্যেই ঢাকাভিত্তিক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, নতুন সরকার তাজুল ইসলামের স্থলে অন্য একজন আইনজীবীকে দায়িত্ব দিতে যাচ্ছে।
বার্গম্যান তার পোস্টে আরও লেখেন, তাজুল ইসলামের পরিবর্তে আইনজীবী আমিনুল ইসলামকে বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি অতীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দুর্নীতি মামলায় যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়।
তবে এসব আলোচনার বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি তাজুল ইসলাম। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। সেই সময় ২০২৪ সালের সেপ্টেম্বরে তাজুল ইসলাম প্রধান কৌঁসুলির দায়িত্ব গ্রহণ করেন। তার সঙ্গে আরও চারজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর ট্রাইব্যুনালের কাঠামো ও প্রসিকিউশন টিমে পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
আইসিটির বিচার কার্যক্রম চলমান থাকবে বলে আগে জানিয়েছিলেন তাজুল ইসলাম নিজেই। তবে বর্তমান গুঞ্জন সত্য হলে, নতুন সরকারের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts