
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে গত ৯ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে। রাফি মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে রাফির মাথার ডান পাশে গুরুতর আঘাত লাগে।
এ ঘটনায় নিহত রাফির চাচা নুর হোসেন চৌধুরী শুক্রবার কাফরুল থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে তার মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু।
র্যাব জানায়, ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত হতে পারে। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। অভিযুক্তরা তাকে আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে বড় ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।
আঘাতের পর তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা ও পরে অভিযুক্তরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।