নিউজ প্রবাসী ডেক্স :

অবশেষে কাটল দীর্ঘ প্রতীক্ষা। বিশ্বকাপের মঞ্চে ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল মিশর। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে নিউ জিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ‘ফারাও’রা।
ভ্যানকুভারে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে শুরুতে ধাক্কা খায় মিশর। ১৫তম মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউ জিল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র।
৫৮তম মিনিটে মোস্তাফা জিকোর গোলে সমতায় ফেরে মিশর। এরপর ৬৭তম মিনিটে অধিনায়ক মোহামেদ সালাহ গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে ত্রেজেগে নামে পরিচিত মাহমুদ আহমেদ ইব্রাহিম হাসান তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।
ম্যাচজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখান সালাহ। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অবদান রাখেন তিনি। তার প্রতিটি বল স্পর্শেই গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা।
১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মিশরের। বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম আফ্রিকান ও আরব দেশ হলেও এতদিন জয়ের দেখা পায়নি তারা। অবশেষে ২০২৬ বিশ্বকাপে এসে সেই আক্ষেপ ঘুচল।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিশর। প্রথম ম্যাচে তারা বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts