
নিউজ প্রবাসী ডেক্স :
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য যত দ্রুত সম্ভব পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। পরে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীরা শ্রম অভিবাসন, কর্মী নিয়োগ প্রক্রিয়া ও অভিবাসী শ্রমিকদের কল্যাণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের অর্থনীতি ও সমাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার চাইছে শ্রমবাজার দ্রুত খুলে দেওয়া হোক এবং আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি করা হোক।
তিনি আরও জানান, বৈঠকে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করা হয়েছে। তারেক রহমান বলেন, কর্মী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করতে দুই দেশ একমত হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং কর্মীদের ব্যয় হ্রাস পায়।
অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তার দেশ শ্রমিক গ্রহণের বিষয়ে আগ্রহী হলেও শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শ্রমিকদের শোষণ, অনিয়ম ও অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং শ্রমিকদের কল্যাণ রক্ষা করাই দুই দেশের যৌথ অগ্রাধিকার হওয়া উচিত।
দুই নেতা শ্রম অভিবাসন ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হলে বাংলাদেশ থেকে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়তে পারে।