
নিউজ প্রবাসী ডেক্স :
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, শনিবার ভোরে হামলার সময় তেহরানের একটি কঠোর নিরাপত্তাবেষ্টিত গোপন স্থানে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে তার মৃত্যুর দাবি তোলেন। পরবর্তীতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানান, হামলায় খামেনিসহ তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস–এর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোরের নাম উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত স্যাটেলাইট ছবিতে খামেনির বাসভবন ও সংলগ্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, শক্তিশালী ‘বাংকার-বাস্টার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনাতেও আঘাত হানা হয়েছে।
এই ঘটনার পর ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। আইআরজিসি এ ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।