
নিউজ প্রবাসী ডেক্স :
যশোরের Jessore Software Technology Park–এ অবস্থিত অনলাইন গ্রোসারি প্রতিষ্ঠান Chaldal.com–এর কলসেন্টার ঘিরে কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বকেয়া বেতনের দাবিতে সোমবার দুপুরে কয়েকশ কর্মী বিক্ষোভে অংশ নেন।
কর্মীদের অভিযোগ, প্রায় ৬০০ জন কর্মীর দুই থেকে তিন মাসের বেতন পরিশোধ হয়নি। বেতন চাইলে কর্তৃপক্ষ নানা ধরনের আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়সীমা দিচ্ছে না বলে দাবি তাদের। পরিস্থিতির প্রতিবাদে তারা সফটওয়্যার পার্কের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
১২ ও ১৪ তলায় পরিচালিত এই কলসেন্টারে কর্মরত কয়েকজন জানান, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তারা বাসাভাড়া, নিত্যপ্রয়োজনীয় খরচ ও ঋণের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ অভিযোগ করেন, বেতন দাবি করলে চাকরি হারানোর আশঙ্কা দেখানো হচ্ছে।
তবে প্রতিষ্ঠানের উপপরিচালক আজিজুর রহমান জিকো দাবি করেন, তিন মাস নয়—দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তিনি বলেন, আর্থিক সংকটের কারণে সময়মতো বেতন দেওয়া সম্ভব হয়নি, তবে ধাপে ধাপে সব পাওনা পরিশোধের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে ছাঁটাই করা হয়নি বলেও জানান তিনি।
এর আগের রাতেও কর্মীরা একই দাবিতে প্রতিবাদ জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ফান্ড সংকট কাটলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে কর্মীরা দ্রুত সমাধান চান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন।