নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় নতুন শর্ত আরোপ করেছে ভারত। এখন থেকে নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীকে নিজের দেশের পাসপোর্ট জমা দিতে হবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি নাগরিকত্ব বিধি সংশোধন করে এ নিয়ম চালু করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীর কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ ও স্থানসহ বিস্তারিত তথ্য দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ভারতের নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তার নিজ দেশের পাসপোর্ট ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই বিধান মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিম অভিবাসীদের জন্য প্রযোজ্য, যারা সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-এর আওতায় নাগরিকত্বের আবেদন করবেন।
২০১৯ সালে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী তিন দেশ থেকে ভারতে যাওয়া নথিহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রাখা হয়।
নতুন বিধিমালায় আবেদনকারীদের পরিচয় ও উৎস প্রমাণে বিভিন্ন নথি জমা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থানীয় ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানের প্রত্যয়নও গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন এ নিয়ম নাগরিকত্ব আবেদন প্রক্রিয়াকে আরও কঠোর ও যাচাইভিত্তিক করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts