
নিউজ প্রবাসী ডেক্স :
জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে ঘিরে অতীতের একটি বিতর্কিত প্রসঙ্গ উত্থাপিত হলেও তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের বিএনপি সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মামুনুল হককে নিয়ে ২০২১ সালের একটি আলোচিত ঘটনার প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি মামুনুল হকের বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে অতীতের একটি বিতর্কের ব্যাখ্যা চান।
তবে স্পিকার সঙ্গে সঙ্গে ওই মন্তব্যে আপত্তি জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত বা বিতর্কিত জীবন নিয়ে সংসদে আলোচনা সমীচীন নয়, বিশেষ করে যখন সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিত থেকে জবাব দেওয়ার সুযোগ নেই।
মুতা বিয়ে প্রসঙ্গ টেনে আনার বিষয়েও বিরক্তি প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, এসব বিষয়ে সংসদে আলোচনা না হওয়াই শ্রেয় এবং এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি উপযুক্ত ব্যক্তি নন।
পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উত্থাপিত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, মামুনুল হককে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তা সঠিক নয় এবং বিষয়টি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমানও বক্তব্যটি কার্যবিবরণী থেকে অপসারণের পক্ষে মত দেন।
সব পক্ষের বক্তব্য শোনার পর স্পিকার বলেন, মামুনুল হক সম্পর্কিত এ ধরনের বিতর্কিত প্রসঙ্গ সংসদের আলোচনায় রাখার প্রয়োজন নেই। একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার বা বিতর্কিত অধ্যায় সংসদের কার্যক্রমে স্থান পাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এরপর সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।