
নিউজ প্রবাসী ডেক্স :
সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা ছিল।
প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা–২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যেও পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছান। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কঠোর তল্লাশির মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। বিশেষ কারণে দেরিতে আসা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে। প্রথমবারের মতো সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নকল প্রতিরোধে কক্ষ পরিদর্শক, কেন্দ্র কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হবে। এরপর ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন কোর্সের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী জুলাই ও আগস্টের শুরু পর্যন্ত চলবে।