
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৩১ জন।
মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ, যেখানে উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭২ জন। এছাড়া রাজশাহীতে ৮৮, সিলেটে ৮২, ময়মনসিংহে ৬২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, খুলনায় ২৮ এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৬৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৯০২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, চট্টগ্রামে ১৮০ জন, বরিশালে ১০৭ জন, সিলেটে ৮৭ জন, ময়মনসিংহে ৫৮ জন, রাজশাহীতে ৪৪ জন, খুলনায় ৪১ জন এবং রংপুরে ১৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন ১ লাখ ২ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে ১২ হাজার ২৮৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪১১ জন, যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৫৯ জন।
হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।