
নিউজ প্রবাসী ডেক্স :
জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপপ্রচার’ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার রাতে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’-এর সদস্য মিল্লাত হোসেন অভিযোগটি দায়ের করেন। পরে শাহবাগ থানা পুলিশ সেটিকে জিডি হিসেবে গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় এসআই আশরাফ আলীকে।
অভিযোগে আরও যাদের নাম রয়েছে তারা হলেন সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল-অভিনেত্রী তুষ্টি।
পুলিশ জানায়, অভিযোগের বিষয়গুলো মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক হওয়ায় তদন্তে সাইবার ইউনিটের সহায়তা নেওয়া হতে পারে।
জিডিতে অভিযোগ করা হয়েছে, আনিস আলমগীর জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন। সোমা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন টকশোতে আন্দোলনকে খাটো করে বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে আন্দোলনকারী ও আহতদের নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মোমিন মেহেদীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে আপত্তিকর আচরণ ও বিভ্রান্তিকর বক্তব্য, মারিয়া কিসপট্টার বিরুদ্ধে আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার এবং তুষ্টির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন নিয়ে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।