
নিউজ প্রবাসী ডেক্স :
টানা বর্ষণে চট্টগ্রামে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া কেন্দ্র ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যেও সর্বোচ্চ। এ বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে থেমে থেমে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
রোববার শুরু হওয়া বৃষ্টি সোমবার তীব্র আকার ধারণ করে এবং রাতভর অব্যাহত থাকে। মঙ্গলবার সকালেও বৃষ্টি চলতে থাকায় আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, হালিশহর, রামপুর, আরাকান সড়কের মৌলভী পুকুরপাড়, সিঅ্যান্ডবি এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়।
চট্টগ্রাম আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, চলতি মৌসুমে এটি ২৪ ঘণ্টার সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারি বর্ষণের কারণে নদ-নদীর পানি বাড়তে পারে এবং কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি জোয়ারের সময় পানি দ্রুত সাগরে নামতে না পারায় জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নগরবাসীকে অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং পাহাড়ি ও জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।