
নিউজ প্রবাসী ডেক্স :
টানা ভারি বর্ষণ ও জোয়ারের প্রভাবে চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল।
প্রবল বর্ষণে নগরীর হালিশহর, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চকবাজার, পাঁচলাইশ, কাপাসগোলা, জামালখান, রহমতগঞ্জ, মৌলভীপাড়া, কাঠগড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পোর্ট কানেকটিং সড়ক, অক্সিজেন-হাটহাজারী সড়ক এবং আরাকান সড়কের গুরুত্বপূর্ণ অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়।
জোয়ারের কারণে খালের পানি নদী ও সাগরে নামতে না পারায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। জলাবদ্ধতা নিরসনে নির্মিত স্লুইস গেটগুলো খুলে দেওয়া হলেও দ্রুত পানি নামেনি।
ভারি বৃষ্টির প্রভাবে পতেঙ্গা এলাকায় একটি বাইপাস সড়কের অংশ ভেঙে পড়ে। একই সঙ্গে ষোলশহর এলাকায় রেললাইনে পানি জমে যাওয়ায় প্রায় সাড়ে ছয়শ যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকা পড়ে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত চট্টগ্রামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং ১৯৮৩ সালের পর সর্বাধিক। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।