নিউজ প্রবাসী ডেক্স :

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের মূল্য প্রতি লিটার ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ ফুয়েলের গড় মূল্য, ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর এবং অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে যশোর বিমানবন্দরেও কার্যকর হবে।
এ নিয়ে মে মাস থেকে টানা চার দফায় জেট ফুয়েলের দাম কমানো হলো। এই সময়ে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারে মোট ৯৬ টাকা ৯ পয়সা এবং আন্তর্জাতিক রুটেও উল্লেখযোগ্য হারে মূল্য হ্রাস পেয়েছে।
এর আগে মার্চ ও এপ্রিল মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে জেট ফুয়েলের দাম কয়েক দফা বেড়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করায় মে মাস থেকে ধারাবাহিকভাবে মূল্য সমন্বয় করছে বিইআরসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts