টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ক্যাম্প-৫-এর একটি হিফজখানার ওপর পাহাড় ধসে পড়ে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, পাহাড়ধসের সময় হিফজখানায় ৩০ জনেরও বেশি ছাত্রী অবস্থান করছিল। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেও উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক পাহাড়ধসের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছিল। টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বাড়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আতঙ্ক বিরাজ করছে