নিউজ প্রবাসী ডেক্স :
: পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে না তুললে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না; এটি ছিল বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন বিদ্রোহ করে সাধারণ মানুষকে সংগঠিত করেছিল এবং সেই প্রতিরোধই স্বাধীনতার লড়াইকে বেগবান করে।
স্পিকার বলেন, “১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি পাক বাহিনীর গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ না গড়ে তুলত, তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানের অংশ হয়ে থাকতে পারত।”
তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিজের জীবনের সবচেয়ে গর্বের পরিচয় উল্লেখ করে বলেন, সেনাবাহিনীতে কমিশন লাভের দিন থেকে মৃত্যু পর্যন্ত এই রেজিমেন্টের পরিচয় তিনি বয়ে বেড়াবেন।
বক্তব্যে সেনাবাহিনীতে যোগদান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং দীর্ঘ সামরিক জীবনের নানা স্মৃতিচারণ করেন স্পিকার। তিনি বলেন, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেন সৃষ্টিকর্তার ইচ্ছাতেই পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান স্মরণ করে এর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।