নিউজ প্রবাসী ডেক্স :
দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে চিকিৎসকদের আরও মানবিক ও মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে, যা দেশের জন্য বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি।
শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর লক্ষাধিক মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। এর ফলে একদিকে যেমন মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, অন্যদিকে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থার ঘাটতিও স্পষ্ট হচ্ছে। তিনি চিকিৎসক ও ভবিষ্যৎ চিকিৎসকদের উদ্দেশে বলেন, এমন পরিবেশ গড়ে তুলতে হবে যাতে দেশের মানুষ নিজ দেশেই উন্নত চিকিৎসা পেতে আস্থা ও বিশ্বাস ফিরে পান।
তিনি আরও বলেন, শুধু আইন প্রণয়ন বা প্রশাসনিক উদ্যোগ দিয়ে স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি, আন্তরিকতা এবং দক্ষ চিকিৎসাসেবাই মানুষের বিশ্বাস অর্জনের মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী ‘ডিএমসি ডে’র উদ্বোধন করেন এবং পরে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।