নিউজ প্রবাসী ডেক্স :

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারের নিয়ন্ত্রণেই রাখা হবে।
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে বিদেশি উৎস থেকে অর্থায়নের চেষ্টা চলছে। নতুন টাওয়ার স্থাপনসহ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, টেলিটক না থাকলে বেসরকারি অপারেটরগুলো সেবার মূল্য ইচ্ছামতো বাড়াতে পারে। তাই রাষ্ট্রীয় অপারেটর হিসেবে টেলিটকের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
অব্যবহৃত মোবাইল ডেটা, কলড্রপ ও দুর্বল নেটওয়ার্ক নিয়েও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় মোবাইল অপারেটরদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সম্প্রসারণ, ২০২৭ সালে ৩.৫ গিগাহার্টজ ব্যান্ডে নতুন তরঙ্গ উন্মুক্ত করে ফাইভ-জি বিস্তার, পাঁচ বছরে ১০ লাখ ফ্রিল্যান্সার তৈরির পরিকল্পনা এবং সারাদেশের জরাজীর্ণ ডাকঘর পর্যায়ক্রমে সংস্কারের কথাও সংসদকে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts