স্টাফ রিপোর্টার, যশোর ॥

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা তেলপাম্প এলাকায় পূর্ব বিরোধের জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল প্রায় ১১টা ২০ মিনিটে খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বী ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। রাব্বী সম্পর্কে নিহত রুবেলের ছোট বোনের দেবর। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts