বিনোদন ডেস্ক ॥
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সহকারী অর্ঘ্যকে নিয়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, অভিযুক্তের ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো পেশাগত সম্পর্ক রাখবেন না।
শ্রাবন্তী জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ঘ্যের সঙ্গে তার পরিচয় ও কাজের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ জানার পর তিনি বিস্মিত ও মর্মাহত হয়েছেন।
অভিনেত্রীর ভাষ্য, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অভিযোগ সামনে আসার পর তিনি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে অভিযুক্তের সঙ্গে সব ধরনের পেশাগত সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য ও অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল কাজের সূত্রে ওই নারী অর্ঘ্যের বাসায় গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে রোববার অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা হয়েছে। সোমবার হাওড়া আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৪ দিনের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই দেওয়া শ্রাবন্তীর বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts