নিউজ প্রবাসী ডেক্স :
বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৩৬টি দেশের মধ্যে ২৫টিতেই চীনের প্রতি ইতিবাচক ধারণা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি।
ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪২ হাজার মানুষের ওপর পরিচালিত এ জরিপে উঠে এসেছে, স্পেন, ইন্দোনেশিয়া, ইতালি, গ্রিস ও কানাডায় চীনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিপরীতে, মাত্র ছয়টি দেশ—পোল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান ও ইসরায়েলে যুক্তরাষ্ট্র এখনো বেশি জনপ্রিয়।
জরিপে আরও দেখা যায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—দুজনের প্রতিই আস্থার হার ৫০ শতাংশের নিচে। তবে অনেক দেশেই ট্রাম্পের তুলনায় শি জিনপিংয়ের প্রতি মানুষের আস্থা কিছুটা বেশি।
পিউর গবেষকরা বলছেন, বিশ্বের অনেক মানুষের কাছে চীন বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও ঘন ঘন নীতিগত পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছে।
তবে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এখনো অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে চীনের চেয়ে এগিয়ে মনে করেন। একই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে বেশি সক্রিয় বলে মত দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীরা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতিগত অবস্থান বিশ্বজনমতের এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।