প্রযুক্তি ডেস্ক ॥
বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ তিনটি নতুন স্মার্ট নিরাপত্তা ক্যামেরা উন্মোচন করেছে শাওমি। নতুন মডেলগুলো হলো শাওমি স্মার্ট ক্যামেরা C201, স্মার্ট ক্যামেরা C301 এবং CW100 Dual। বাসা, অফিস ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যামেরাগুলোতে উন্নত এআই শনাক্তকরণ এবং নিরাপদ ডেটা এনক্রিপশনের সুবিধা যুক্ত করা হয়েছে।
ইনডোর ব্যবহারের জন্য তৈরি C201 মডেলে এআইভিত্তিক মানুষ ও পোষা প্রাণী শনাক্তকরণ, ১০৮০পি ফুল এইচডি ভিডিও, ইনফ্রারেড নাইট ভিশন এবং ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউ সুবিধা রয়েছে। প্রয়োজনে ক্যামেরার লেন্স ঢেকে রেখে ব্যক্তিগত গোপনীয়তাও নিশ্চিত করা যায়।
অন্যদিকে C301 মডেলটি ২৩০৪×১২৯৬ পিক্সেল রেজোলিউশনে ভিডিও ধারণ করতে সক্ষম। এতে রয়েছে ৩৬০ ডিগ্রি ডুয়েল-গিম্বল রোটেশন, এআই হিউম্যান ডিটেকশন, প্রাইভেসি মোড, এনক্রিপ্টেড যোগাযোগ এবং সুরক্ষিত ক্লাউড স্টোরেজ সুবিধা।
বাইরের পরিবেশে ব্যবহারের উপযোগী CW100 Dual ক্যামেরায় মানুষ ও যানবাহন শনাক্তকরণ, ভার্চুয়াল ফেন্স অ্যালার্ট এবং অডিও-ভিজ্যুয়াল অ্যালার্ম প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এটি উচ্চ রেজোলিউশনের ছবি ধারণেও সক্ষম।
বাংলাদেশে ক্যামেরাগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩,০৯৯ টাকা, ৪,৮৯৯ টাকা এবং ৬,০০০ টাকা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী জানান, আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় শুধু ভিডিও নজরদারি নয়, ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। নতুন ক্যামেরাগুলোর এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহারকারীদের আরও নিরাপদ অভিজ্ঞতা দেবে।