নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আকস্মিকভাবে মঞ্চ ধসে পড়ে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন। বারবার মাইকিং করেও তাদের নামানো সম্ভব হয়নি। পরে অর্থমন্ত্রীসহ আরও কয়েকজন অতিথি মঞ্চে উঠলে অতিরিক্ত চাপের কারণে মঞ্চটি ভেঙে যায়।
ঘটনার পরও অতিথিরা ভাঙা মঞ্চ থেকেই প্রতীকীভাবে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এরপর তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা হন।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, অতিরিক্ত মানুষের চাপে মঞ্চটি নিচে বসে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ত্রাণ বিতরণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে।