নিউজ প্রবাসী ডেক্স :
অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকাল ৫টা ১ মিনিটে তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
শুক্রবার সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তার শরীরে অটোনোমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক জটিলতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন এবং বলেন, নতুন সরকারের প্রতিও মো. সাহাবুদ্দিন সবসময় শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করেছেন।
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির লিখিত ঘোষণাই যথেষ্ট। পদত্যাগপত্রের সঙ্গে আলাদা কোনো চিকিৎসা সনদ সংযুক্ত করার প্রয়োজন নেই।
২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts