নিজস্ব ডেস্ক:
ইউক্রেইনের রাজধানী কিইভের কাছে একটি ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে পৃথক হামলায় আরও পাঁচজনের প্রাণহানির ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
বিবিসির বরাতে জানা গেছে, প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত ওই প্রদর্শনীতে হামলার ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। হামলার পর ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সের্হি বেসক্রেস্তভ এবং প্রযুক্তি উন্নয়ন কর্মকর্তা লিউবা শিপোভিচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করেন।
ইউক্রেইনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে।
এদিকে, পূর্বাঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে রুশ গ্লাইড বোমা হামলায় পাঁচজন এবং উত্তরাঞ্চলের সুমি শহরে আরও দুজন নিহত হয়েছেন।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া আরও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ড্রোন প্রস্তুতকারক ও সামরিক গোয়েন্দাদের লক্ষ্য করেই দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে।
হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেইনও রাশিয়ার কিরভ অঞ্চলের একটি সামরিক কারখানা এবং সেন্ট পিটার্সবার্গের কয়েকটি গুদামে ড্রোন হামলা চালায় বলে জানা গেছে।
এদিকে, নতুন করে শান্তি আলোচনা এগিয়ে নিতে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনার কথাও জানিয়েছে হোয়াইট হাউজ। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।