নিউজ প্রবাসী বিনোদন ডেক্স :
বড় পর্দার পর এবার ওয়েব দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ নামের কমেডি-থ্রিলার ঘরানার চলচ্চিত্রটিতে দেখা যাবে তাকে।
‘বরবাদ’ ও ‘রাক্ষস’ সিনেমা দিয়ে আলোচনায় আসা মেহেদী হাসান হৃদয়েরও এটি প্রথম ওয়েব ফিল্ম। নির্মাতা জানিয়েছেন, এরই মধ্যে প্রকল্পটির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে শুটিং।
‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় ও আরও কয়েকজন পরিচিত শিল্পী। নির্মাতার ভাষ্য অনুযায়ী, কমেডি ও থ্রিলের সমন্বয়ে দর্শকদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরির চেষ্টা থাকবে এই ওয়েব ফিল্মে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে ‘লাপাত্তা’। নুসরাত ফারিয়ার প্রথম ওয়েব ফিল্ম হওয়ায় এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
এদিকে ‘লাপাত্তা’র কাজ শেষ করার পর শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে মেহেদী হাসান হৃদয়ের। পাশাপাশি আগামী দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘বিদায়’।