প্রযুক্তি ডেক্স :
অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় গুগলের গুরুত্বপূর্ণ ফিচার ‘প্লে প্রটেক্ট’। ক্ষতিকর ও সন্দেহজনক অ্যাপ শনাক্তের পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা রয়েছে—এমন অ্যাপের বিরুদ্ধেও সতর্কতা দেয় এটি। তবে ব্যবহারকারী চাইলে এই নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করতে পারেন।
গুগলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্লে প্রটেক্ট ২ কোটি ৭০ লাখের বেশি নতুন ক্ষতিকর অ্যাপ শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্ক করেছে অথবা সেগুলোর কার্যক্রম বন্ধ করেছে। একই সময়ে থার্ড-পার্টি উৎস থেকে প্রায় ২৬ কোটি ৬০ লাখ ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টলের চেষ্টাও ঠেকিয়েছে সেবাটি।
গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের আগে সেটি পরীক্ষা করে প্লে প্রটেক্ট। এমনকি প্লে স্টোরের বাইরে থেকে বা অন্য কোনো মাধ্যমে ইনস্টল করা অ্যাপেও ক্ষতিকর প্রোগ্রাম রয়েছে কি না, তা শনাক্ত করতে ফোন স্ক্যান করতে পারে। ঝুঁকিপূর্ণ অ্যাপ শনাক্ত হলে ইনস্টল হওয়ার আগেই তা আটকে দেওয়া, নিষ্ক্রিয় করা কিংবা মুছে ফেলার সক্ষমতাও রয়েছে।
তবে প্লে প্রটেক্ট বন্ধ করলে ডিভাইসের নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে তৃতীয় পক্ষের কোনো নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার না করলে ম্যালওয়্যার আক্রমণ, ব্যক্তিগত তথ্য চুরি ও প্রতারণার আশঙ্কা বেড়ে যায়।
যেভাবে প্লে প্রটেক্ট বন্ধ করবেন:
প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর খুলতে হবে। এরপর ওপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করে ‘প্লে প্রটেক্ট’ নির্বাচন করতে হবে। সেখান থেকে সেটিংসের গিয়ার আইকনে গিয়ে ‘স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রটেক্ট’ অপশনটি বন্ধ করা যাবে।
এ ছাড়া ‘ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন’ অপশনটিও প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ করা যায়। তবে নিরাপত্তার স্বার্থে সাধারণ ব্যবহারকারীদের প্লে প্রটেক্ট চালু রাখাই নিরাপদ।
অন্যদিকে, গুগলের ‘অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রাম’-এ যুক্ত থাকলে সরাসরি প্লে প্রটেক্ট বন্ধ করা যায় না। সেক্ষেত্রে আগে গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংস থেকে ওই প্রোগ্রাম থেকে বের হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts