নিউজ প্রবাসী ডেক্স ::
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে নিচে পড়ে চিকিৎসাধীন এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া (২০) হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। পরিবারের ভাষ্য, তিনি মানসিক সমস্যাসহ কয়েকটি জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, রাত তিনটার দিকে পাশের রোগীর স্বজনরা তাকে জানায় যে তার মেয়ে ভবন থেকে লাফ দিচ্ছেন। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, রিয়া নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এসএসসি পাসের পর রিয়ার বিয়ে হয় এক সিঙ্গাপুরপ্রবাসীর সঙ্গে। দীর্ঘদিন সন্তান না হওয়ায় ধীরে ধীরে তার মানসিক সমস্যা দেখা দেয়। সম্প্রতি তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। পাশাপাশি জিহ্বায় ঘা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts