নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি এলাকায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা, অতিরিক্ত ভিড়, ট্রলি সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং শৌচাগারের অপরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের অভিযোগ থামছেই না। নানা উদ্যোগের কথা জানালেও বাস্তবে কাঙ্ক্ষিত উন্নতি দেখা যাচ্ছে না বলে দাবি করেছেন যাত্রীরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বব্যাংকের এক কর্মকর্তা বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে লেখেন, প্রবেশপথের অব্যবস্থাপনা, ট্রলি সংকট, লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা এবং শৌচাগারের পরিবেশ যাত্রীদের জন্য চরম দুর্ভোগ তৈরি করছে। তার ওই মন্তব্যের সঙ্গে একমত হয়ে অনেক যাত্রীও নিজেদের ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেছেন।
যাত্রীদের অভিযোগ, ক্যানোপি এলাকায় স্বজন, পরিবহনচালক ও বিভিন্ন সেবাদাতার অতিরিক্ত উপস্থিতির কারণে প্রায় সবসময়ই ভিড় লেগে থাকে। ফলে বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়া, এমনকি লাগেজ সংগ্রহ করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ক্যানোপি এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং অতিরিক্ত ট্রলির ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সহযোগিতা পেলে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও দাবি তাদের।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে অনেক যাত্রী ও তাদের স্বজন নির্দেশনা না মানায় শৃঙ্খলা বজায় রাখতে বেগ পেতে হচ্ছে। ট্রলি সংকট কমাতে অতিরিক্ত ট্রলি যুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts