নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও বিএনপির নেতারা বলছেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্রে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
এদিকে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ভোটার তালিকা চেয়ে ইতোমধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে তফসিল ঘোষণার পরই বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।